২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে সন্ত্রাস ও চোরাচালান মামলায় অভিযুক্ত ৫ কমিশনারকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

সন্ত্রাসী ও চোরাচালানী হিসেবে তালিকাভুক্ত পাঁচ ওয়ার্ড কমিশনারকে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সন্ত্রাস ও চোরাচালান মামলায় অভিযুক্ত পাঁচ ওয়ার্ড কমিশনারকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার পরামর্শ দেয়া হয়েছে।

গত নির্বাচনে ওই পাঁচ জন ওয়ার্ড কমিশনার নির্বাচিত হয়েছিল।

এদের মধ্যে মামুনুর রশিদ মামুন ও মোহাম্মদ শহিদুল্লাহ সিএমপি’র তালিকাভূক্ত সন্ত্রাসী। হাজী নুরুল হক ও মোহাম্মদ আসলামের নামে একাধিক চোরাচালান মামলা রয়েছে। মোহাম্মদ হোসেন হীরন একটি হত্যাসহ কয়েকটি মামলার আসামী।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান বিডি নিউজকে জানান, সন্ত্রাস ও অন্যান্য অপরাধে চিহ্নিত ব্যক্তিদের আমরা এবারের নির্বাচনে কোনও সমর্থন দিচ্ছিনা।

অন্যদিকে, এটি স্থানীয় নির্বাচন বলে নিজ দায়িত্বে কেউ নির্বাচন করলে দল তার দায়িত্ব নেবেনা বলে জানিয়েছেন তিনি।