২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় এ কথা আবার প্রমাণিত হয়েছে: জিয়া পরিষদ

জিয়া পরিষদ আয়োজিত এক সভায় বক্তারা বলেছেন, আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের দাবি থেকে এ কথা আবার প্রমাণিত হয়েছে, পাগল ও শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে  ‘সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, রাজনৈতিক সন্ত্রাস ও মিথ্যাচার’ শীর্ষক  এ মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এরশাদুল বারী, বাসসের ব্যবস্থাপনা পরিচালক গাজীউল হাসান খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এনামুল হক, অধ্যাপক ওবায়দুর রহমান, অধ্যাপক মোশারফ হোসেন মিয়া, অধ্যাপক এম সলিমুল্লাহ খান, অধ্যক্ষ মাহবুবুল আলম প্রমুখ। 

সভায় অধ্যাপক এম এরশাদুল বারী বলেন, তত্ত্ববধায়ক সরকার একটি অসাংবিধানিক পদ্ধতি। এ পদ্ধতি প্রবর্তন করার সময় রেফারেন্ডাম হওয়া দরকার ছিল।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে বিচারপতি কেএম হাসান অন্তরায় নন, অন্তরায় রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা একে অন্যকে বিশ্বাস করে না। আর এখন সম্মানিত বিচারপতিদের নিয়ে তারা বিতর্ক সৃষ্টি করছে।

সভাপতির ভাষণে কবীর মুরাদ বলেন, নিরপেক্ষ বলে কোনও শব্দ নেই। পক্ষে বা বিপক্ষে সবার একটা অবস্থান থাকে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধী দলের প্রার্থী জয়লাভ করেছে। এ থেকে প্রমাণিত হয়, এই সরকারের অধীনে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।