সন্ত্রাসী ও দুর্নীতিগ্রস্ত সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না: বি চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বর্তমান চারদলীয় জোট সরকারকে সন্ত্রাসী ও দুর্নীতিগ্রস্ত অভিহিত করে বলেছেন, এই ব্যর্থ সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না।
বি চৌধুরী মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ বনরূপায় জেলা বিকল্প ধারার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিচালিত তদন্তেই প্রমাণিত হয়, তারা সন্ত্রাসের পৃষ্ঠপোষক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনেরাই দুর্নীতির সাথে যুক্ত আর এই দুর্নীতিই বিদেশী সাহায্যের ৫০ ভাগ গ্রাস করে নিচ্ছে।
বগুড়া ও চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র আটকের রহস্য উদঘাটনে সরকারের ব্যর্থতারও তিনি সমালোচনা করেন।
সভায় বিশেষ অতিথি দলের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মাহী বি চৌধুরী তার বক্তব্যে স্থানীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সমালোচনা করে বলেন, সম্প্রতি এক গোপন বৈঠকে সকল উন্নয়ন কাজের ঠিকাদারী বিএনপি কর্মীদের দেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
মাহী সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ কাজ বিএনপি’র দলীয় ঠিকাদারের বদলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন করার দাবি জানান।
তিনি বিএনপিকে এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারের বদলে তার শ্বশুর পরিবারের দল বলে অভিহিত করেন।
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, জয়নাল আবেদীন বীর প্রতীক, শেখ শহীদুজ্জামান, শেখ নাদির আহমেদ প্রমুখ নেতা সভায় বক্তব্য রাখেন।
