২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে মঙ্গলবার ২১ জন মেয়র এবং ৩৯৪ জন কমিশনার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মেয়র প্রার্থী হিসেবে নাগরিক কমিটির পক্ষ থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরী  হারিকেন  প্রতীক পেয়েছেন। অপরদিকে চার দলীয় ঐক্য জোট প্রার্র্থী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন  পেয়েছেন বাই-সাইকেল প্রতীক।

এ দুই প্রার্থী ১৯৯৪ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে মেয়র প্রার্থী হিসেবে এ প্রতীকগুলোই পেয়েছিলেন।

জাতীয় পার্টির মো. হায়দার আলী চৌধুরী মাছ  ও ন্যাপ ভাসানীর এজাজ আহমেদ চশমা মার্কা নিয়ে সিটি কর্পোরেশনের  ভোট যুদ্ধে মেয়র পদে অংশগ্রহণ করছেন।

ইসলামী ফ্রন্টের এম আবু নাসের তালুকদার অপর দুজন প্রতিযোগীকে হারিয়ে ছাতা মার্কা পেয়েছেন।

চট্টগ্রাম সাংস্কৃতিক জোটের দিলীপ ভদ্র এবং ওলামা আসফায়েক ফ্রন্টের আবুল কাসেম নুরী পেয়েছেন যথাক্রমে ফুটবল এবং ফেজ টুপি প্রতীক।

বাকী ১৩ জন স্বতন্ত্র মেয়র প্রার্থীর নাম ও প্রতীকগুলো হচ্ছে,  এমএ সালাম - গোলাপ, এম জামালউদ্দিন - মোটর গাড়ি, খয়রাতি মিয়া চৌধুরী - উট, তৌহিদুল ইসলাম রহমানী - মাইক্রোফোন, মোহাম্মদ নাসির - চাকা, মো. নুরুল আলম চৌধুরি - পায়রা, মো. আব্দুল করিম - ঘড়ি, মো.ূ কামরুল হুদা - বই,  মো. দিদারুল আলম - জাহাজ, মো. রেজাউল করিম চৌধুরি - চেয়ার, মো. শহিদুল ইসলাম চৌধুরী - বাঘ, মো. সামছুদ্দোহা সওদাগর - লাঙ্গল, মো. আবু তাহের চৌধুরী  - তীর ধনুক।

একই প্রতীক নিয়ে একাধিক প্রার্থীর দাবির ভিত্তিতে ওয়ার্ড কমিশনারদের প্রতীক লটারির মাধ্যমে বরাদ্দ করা হবে।

সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুজন মেয়র এবং ৮২ জন কমিশনার পদপ্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ২১ জন,  সংরক্ষিত মহিলা আসনে ৮৩ জনসহ ওয়ার্ড কমিশনার পদে মোট ৩৯৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবে।  মেয়র পদ থেকে মনোয়নয়ন প্রত্যাহার করে নেয়া দুজন প্রার্থী হচ্ছেন, ইসলামি ঐক্য জোটের ইকবাল বিন ইয়াকুব এবং জাগ্রত মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের মাওলানা আবুল হাসেম জেহাদী।