২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন পূর্ণ প্রস্তুতি গ্রহনে ব্যস্ত। আগামী ৯ মে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ঢাকা-১০ আসন উপনির্বাচনে নির্বাচন কমিশনের আস্থার ওপর প্রভাব পড়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করা এক ধরনের চ্যালেঞ্জ বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

মঙ্গলবার নির্বাচন কমিশন মেয়র ও কমিশনার প্রার্থীদের প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন করেছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, দুই/এক দিনের মধ্যে ব্যালট পেপার মুদ্রণের কাজে হাত দেওয়া হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনের এক দিন আগে থেকে বিভিন্ন বাহিনীর দশ হাজার সদস্যকে নিযুক্ত করা হবে বলে কমিশন সূত্র জানায়।    

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এমএ সাঈদের মেয়াদকালে এই সর্বশেষ গুরুত্বপূর্ণ নির্বাচনের নিরাপত্তা আয়োজন নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছে কমিশন। আগামী ২২ মে এমএ সাঈদের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

নিরাপত্তার জন্য যৌথ বাহিনীতে সেনা সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়েও ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা যায়। বর্তমানে শুধু পুলিশ, বিডিআর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ডিজিএফআই, এনএসআই, এসবি ও ডিবি’র সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত।

জানা গেছে, ওই বৈঠকে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়োগের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণের কাজও সম্পন্ন করা হবে।

এবারের নির্বাচনে ৪১১টি স্থাপনায় ৫৭৭টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। প্রত্যেক কেন্দ্রে পাঁচটি করে বুথ থাকবে। নির্বাচনের দিন প্রয়োজনে দ্রুত বিচার নিষ্পত্তির জন্য ভ্রাম্যমান আদালত কার্যকর থাকবে বলে সূত্র জানায়।