২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সংসদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

নিয়মানুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দেড় বছর বাকি থাকলেও জেলার সম্ভাব্য প্রার্থীরা এখন থেকেই দৌড়ঝাঁপ ও ব্যাপক জনসংযোগ শুরু করেছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা সভা, সমাবেশ, মটর শোভাযাত্রা, সংবাদ সম্মেলন, চক্ষু শিবিরসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে প্রচারমাধ্যমে আসার চেষ্টা চালাচ্ছেন। সেই সাথে চলছে দলের ভেতরে ব্যাপক লবিং-গ্র“পিং।

গত সংসদ নির্বাচনে জেলার ৫ টি আসনের মধ্যে ৪ টিতে বিএনপি এবং ১ টিতে আওয়ামী লীগ জয় লাভ করে। গত বছর ১৫ জুলাই আওয়ামী লীগের সাংসদ সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিন মারা গেলে উপ-নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী হাজী মোহাম্মদ আবু আব্বাস বিজয়ী হন।

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট জেলার সব কটি আসন ধরে রাখতে চায়। আওয়ামী লীগ চায় হারানো আসন পুনরুদ্ধার করতে। জোটের সিদ্ধান্তের আলোকে যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের জন্য সর্বশক্তি ব্যয় করবে জামাত।

আগামী নির্বাচন উপলক্ষ্যে এখন থেকেই বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে গত নির্বাচনে চারদলীয় জোট প্রার্থী এমএ করিম আব্বাসী বিপুল ভোটে বিজয়ী হন। প্রধানমন্ত্রীও তাকে আবার ভোট দিতে এক জনসভায় জনগণের প্রতি আহবান জানান। এছাড়া অধ্যাপক শহীদ খান ও বর্তমান পৌর চেয়ারম্যান শুভেন্দু সরকার পিন্টু এ আসনে বিএনপি থেকে মনোনয়ন আশা করছেন। আওয়ামী লীগের পরাজিত প্রার্থী জালাল উদ্দিন তালুকদারের সাথে ছাত্রনেতা আননন্দমোহন কলেজের সাবেক ভিপি মোস্তাক আহমেদ রুহী দলীয় মনোনয়নের আশায় ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনটি ঘিরে জেলার সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। এ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী হাজী আবু আব্বাসের পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সাংসদ আশরাফ উদ্দিন খান, কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, এডভোকেট খোরশেদ আলম, মহিলা দলের সভানেত্রী আরিফা জেসমিন নাহিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সাংসদ ফজলুর রহমান খান, সাবেক পৌর চেয়ারম্যান মতিয়র রহমান খান, লে.কর্নেল (অব.) নূর খান, আশরাফ আলী খান খসরু, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা রানা হামিদ, ব্যবসায়ী নূর খান মিঠু ও প্রশান্ত রায়ের নাম শোনা যাচ্ছে। জাতীয় পার্টি থেকে প্রেসিডিয়াম সদস্য নাট্যকার ফকির আশরাফ একক প্রার্থী হিসেবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ থেকে অ্যাড. আব্দুল হান্নান রঞ্জন তৎপরতা চালাচ্ছেন।

নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির সাংসদ খাদিজা আমিনের পাশাপাশি কেন্দ্রীয় যুবনেতা রফিকুল ইসলাম হেলালী নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে আওয়ামী লীগের সাবেক সাংসদ এম জুবেদ আলী, কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, শিল্পপতি ইফতেখার উদ্দিন পিন্টু, ব্যবসায়ী সামছুল কবীর খান ও আব্দুল মতিন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আবু জাফর মোহাম্মদ সাবের তৎপরতা চালাচ্ছেন।

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনে বর্তমান সংসদ সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একক প্রার্থী থাকায় তার অবস্থান খুবই সংহত। আওয়ামী লীগ থেকে ছাত্রনেতা শফি আহমেদ, মোস্তফা জব্বার, লে.কর্নেল (অব.) শাহজাহান ভুঁইয়া, সাবেক সাংসদ দেওয়ান শাহজাহান ইয়ার চৌধুরী, ও ক্যাপ্টেন (অব.) মঞ্জু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

নেত্রকোণা-৫ (পূর্বধলা-ধোবাউড়া) আসনের বর্তমান বিএনপির সাংসদ ডা. মোহাম্মদ আলীর পাশাপাশি কেন্দ্রীয় নেত্রী অধ্যক্ষ রাবেয়া আলী, সাবেক ছাত্রনেতা আবু তাহের তালুকদার, মোস্তাক আহমেদ ও সাইদুর রহমান মনোনয়ন পেতে প্রচার চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ থেকে থানা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল (বীরবিক্রম), সাবেক সাংসদ মোশাররফ হোসেন, প্রিন্সিপাল সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আহম্মদ হোসেন প্রমুখ প্রচারণা চালাচ্ছেন।