২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উন্নয়নে ব্যাংকিং খাতের শৃংখলা অত্যন্ত জরুরী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের উন্নয়নে ব্যাংকিং খাতের শৃংখলা অত্যন্ত জরুরী। এ খাতের সাথে দেশের অর্থনৈতিক অগ্রগতি সরাসরি জড়িত। এজন্য ব্যাংকিং খাতের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

সোনালী ব্যাংক সিবিএ’র নবনির্বাচিত নেতাদের উদ্দেশে বৃহস্পতিবার তিনি একথা বলেন। সিবিএ নির্বাচনে বিজয়ী সরকার সমর্থক নেতারা নির্বাচন পরবর্তী সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

এতে নেতৃত্ব দেন নবনির্বাচিত সভাপতি বিএম বাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ। নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেন।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম চৌধুরী এবং সাধারণ সম্পাদক জাফরুল হাসান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিবিএ নেতাদের স্বাগত জানিয়ে বলেন, অর্থ ঋণ আদালতের কার্যক্রম শুরু হওয়ায় প্রচুর পরিমাণ খেলাপী ঋণ আদায় হচ্ছে।

তিনি সকল পরিস্থিতিতে ব্যক্তি ও দলের চেয়ে দেশ ও মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করেছে। এজন্য অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে।

তিনি বলেন, সরকার প্রতিটি প্রতিষ্ঠানের স্বার্থ ও কল্যাণ যেমন দেখছে, তেমনি এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিদের স্বার্থের প্রতিও গুরুত্ব দিচ্ছে।