কিবরিয়া হত্যার প্রতিবাদে মানিক মিয়া এভিনিউতে সাড়ে ৬ হাজার ফুট দীর্ঘ ব্যানারে লাখো স্বাক্ষরের প্রদর্শনী
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ্ এএমএস কিবরিয়া হত্যার প্রতিবাদে সাড়ে ছয় হাজার ফুট দীর্ঘ সাদা ব্যানারে লাল অক্ষরে লক্ষাধিক মানুষের স্বাক্ষর বৃহস্পতিবার ঢাকার মানিক মিয়া এভিনিউ’র আড়াই কিলোমিটার রাজপথ জুড়ে প্রদর্শিত হয়েছে। অহিংস এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ স্বত:স্ফ’র্তভাবে অংশ নেয়।
আসমা কিবরিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশ-বিদেশের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ‘রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর’ করে কিবরিয়া হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচার দাবি করে।
বিকেল চারটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলে স্বাক্ষর প্রদর্শনের এ কর্মসূচি। বিভিন্ন স্তরের নারী-পুরুষ নীল পোশাক পরে স্বাক্ষরের ব্যানারের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আসমা কিবরিয়ার আন্দোলনের সাথে একাতœতা ঘোষণার মাধ্যমে তাদের নীরব প্রতিবাদ জানায়। মানিক মিয়া এভিনিউ’র পশ্চিম প্রান্ত (আড়ং এর সামনে) থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের পুরো রাস্তা ও বিজয় সরণীর সংসদ প্রান্ত ঘুরে খামার বাড়ি মোড় পর্যন্ত বিস্তৃত ছিল এ প্রদর্শনী।
গণস্বাক্ষর ছাড়াও বিশিষ্ট চিত্রশিল্পী আসমা কিবরিয়ার নির্দেশনায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম পোষ্টার প্রদর্শনীর আয়োজন করে। এতে সন্ত্রাসবিরোধী ১৬ টি চিত্রকর্ম প্রদর্শিত হয়।
একই সঙ্গে শিল্পী সাইদুল হক জুইস’র ‘দানবের নৃত্য’ শিরোনামের বিভৎস ও হিংস্র একটি মূর্তি সবার নজর কাড়ে। ১০ হাতের এ প্রতীকি হিংস্র দানবের একেক হাতে রয়েছে জাতীয় সংসদ, মাইক, গ্রেনেড, বই, জাতীয় ফুল শাপলা, শহীদ মিনার, মসজিদ, অর্থের থলে, কফিন ও কলা। গলায় তাবিজ ও বুকে ঝোলানো তলোয়ার। শিল্পী জুইস জানান, এ দানব সব কিছুই গ্রাস করছে।
জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে ছিল ব্যতিক্রমী একটি ব্যানার। সাদা কাপড়ের ওপর রক্তের অক্ষরে তাতে লেখা ছিল ‘সংসদের মৃত্যু এভাবে কেন? নিশ্চুপ কেন সংসদ ভবন?’
আসমা কিবরিয়া, কিবরিয়ার বোন, ছেলে রেজা কিবরিয়া, তার স্ত্রী রিনা কিবরিয়া ও আতœীয়-স্বজন ছাড়াও স্বাক্ষর প্রদর্শন কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য জোহরা তাজউদ্দিন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, বিচারপতি কেএম সোবহান, ব্যারিষ্টার আমীর-উল ইসলাম, অধ্যাপক একে আজাদ চৌধুরী, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপিকা সুলতানা সফি, সৈয়দ শামসুল হক, শাহরিয়ার কবির, স্থপতি রবিউল হক, রামেন্দু মজুমদার, আলী যাকের, সারা যাকের, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, শিরিন আখতার সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের স্বত:স্ফ’র্ত মানুষ।
