২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচন অনুষ্ঠান বেশ চ্যালেঞ্জপূর্ণ হবে: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠান বেশ চ্যালেঞ্জপূর্ণ হবে। মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বুধবার এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি সাংবাদিকদের আরও বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আমি উদ্বিগ্ন নই। গত তিনটি সাধারণ নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি আশা করছি আগামী নির্বাচনও সুষ্ঠু হবে।সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তা সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে এমন কোনও সমস্যা নেই, যা মেটানো যাবে না।

বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশীদের হস্তক্ষেপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিদেশী কূটনীতিকদের প্রতি তাদের অত্যন্ত শ্রদ্ধা রয়েছে। কূটনীতিকরাও বাংলাদেশের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমরা সবাই বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং বাংলাদেশীদের জীবনমানের উন্নতির জন্যে কাজ করতে চাই।

কয়েকমাস আগে বাংলাদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সফরের কথা উল্লেখ করে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা ঢাকায় আসবেন বলে  সাংবাদিকদের জানান।

রাজনৈতিক হামলার পূর্ণ তদন্তে ব্যর্থ হয়েছে  বাংলাদেশÑমার্কিন পররাষ্ট্র দপ্তরের এ সংক্রান্ত রিপোর্ট প্রসঙ্গে টমাস বলেন, বাংলাদেশের মিডিয়া এবং স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ রিপোর্ট করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সকল দেশের ওপর এ ধরনের রিপোর্ট করে।

আহমদিয়া মুসলিম সম্প্রদায়কে সুরক্ষা এবং মানব পাচার রোধে সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র খুশি বলে তিনি সাংবাদিকদের জানান।

মার্কিন রাষ্ট্রদূতএর আগে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সঙ্গে দীর্ঘ সোয়া এক ঘণ্টা বৈঠক করেন ।