হরতালের রাজনীতি পরিহার করতে আ. লীগের প্রতি মান্নান ভূঁইয়ার আহ্বান
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ‘হরতাল, হত্যা, নৈরাজ্য ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের’ প্রতিবাদে ক্ষমতাসীন বিএনপি বুধবার ঢাকাসহ দেশের ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করেছে।
সমাবেশে বিএনপি নেতারা আওয়ামী লীগকে হরতালের রাজনীতি পরিহারের আহ্বান জানান।
রাজধানীর মুক্তাঙ্গনের এক সমাবেশে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করা ছাড়া হরতালে আর কোনও সুফল নেই। বিরোধী দল হরতাল অব্যাহত রেখে কেবল নিজেদের স্বার্থে জনগণের ভোগান্তি বাড়িয়ে চলেছে।
তিনি বলেন, হরতালের রাজনীতি অনুসরণ করলে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
বিএনপির নগর শাখার সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মওদুদ আহমদ, মীর্জা আব্বাস, বরকতুল্লাহ বুলু, আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুস ছালাম।
