২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে : আ.লীগের আলোচনা সভায় বক্তারা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী আইন সংস্কারের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

তারা বলেন, দেশের মানুষ অত্যাচারি ও ব্যর্থ এ সরকারকে আর চায়না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জোট সরকারের পতন ঘটিয়ে কল্যাণমুখী জনগণের সরকার গঠন করা হবে।

বুধবার বিকেলে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান।

আলোচনায় অংশ নেন বিচারপতি কেএম সোবহান, অধ্যাপক শামসুল হুদা হারুন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ হানিফ প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে বিচারপতি কেএম সোবহান মুক্তিযুদ্ধের সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ছিনতাই করা হয়েছে। তিনি বলেন, আজ যারা বলছেন-২৬ মার্চ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সংবিধান লঙ্ঘনের দায়ে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিচার হওয়া উচিত। আন্তর্জাতিক আইনে তাদের শাস্তি হওয়া উচিত।

জিল্লুর রহমান বলেন, ’৯৬ সালের ৩০ মার্চ গণঅভ্যুথানের মুখে বেগম খালেদা জিয়ার পতন হয়েছিল। আজ আবারো দেশের সকল রাজনৈতিক দল এক হয়েছে। ইনশাল্লাহ্ বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসতে পারবে না। 

আব্দুল জলিল বলেন, বিএনপি-জামাত জোট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। ওরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে।