আসমা কিবরিয়ার প্রশ্ন: তদন্তের আগেই ড. কিবরিয়ার আসনে বিএনপির নেতা কিভাবে প্রার্থী হন?
গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী ড. শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেছেন, ওই হত্যার তদন্ত শেষ না করেই সরকার কি ভাবে সেই আসনে নির্বাচন করে?
তিনি বলেন, যেখানে নৃশংসভাবে একজন সাংসদকে হত্যা করা হলো, এর তদন্ত যখন চলছে, তখন বিএনপির একজন নেতা কি ভাবে সেখানে নির্বাচনে প্রার্থী হন? ওই প্রার্থীকে আমি কোনোভাবেই শ্রদ্ধা জানাতে পারছি না।
বুধবার রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন ড. কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া ও তার স্ত্রী রিনা সুলতানা।
আসমা কিবরিয়া বৃহস্পতিবার ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠেয় ‘রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর’ প্রদর্শনীতে সর্বস্তরের জনসাধারণকে অংশ নিতে আহ্বান জানান। তিনি বলেন, আমি চাই এই শান্তিপূর্ণ কর্মসূচিতে এফবিসিসিআই’র নেতারা এসে প্রমান করবেন, তারা যেহেতু হরতালের বিপক্ষে, সেহেতু তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে।
তিনি বলেন, কিন্তু ব্যবসায়ীরা যদি আমার এই কর্মসূচিতে না আসেন, তাহলে আমরা ধরে নেবো তারা একটি স্বার্থান্বেষী মহল। তারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বোমা ও গ্রেনেড হামলার বিরুদ্ধে ১২ ফেব্র“য়ারি থেকে দেশে বিদেশে শুরু হওয়া মার্কিন গজ কাপড়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান বুধবার শেষ হয়েছে। সারাদেশের বিভিন্ন জেলা থেকে তো বটেই, আমেরিকা, ব্রিটেন, সুইডেন ও অস্ট্রেলিয়া থেকেও প্রবাসী বাঙালিরা কাপড়ে গণস্বাক্ষর সংগ্রহ করে আসমা কিবরিয়ার বাসায় পাঠিয়েছেন।
এতে আরও জানানো হয়, এসব কাপড় সেলাই করে জোড়া দিয়ে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে চলবে প্রদর্শনী। এরপর চট্টগ্রাম, খুলনা ও সিলেটসহ বিভিন্ন শহরেও এই প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া আসমা কিবরিয়ার ‘শান্তির স্বপক্ষে নীলিমা’ কর্মসূচিও অব্যাহত থাকবে।
