২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক নেতৃত্ব আদিবাসীদের মূল্যায়ন করছে না: সন্তু লারমা

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রায় ২৫ লাখ আদিবাসী এখন শ্বাস-রূদ্ধকর অবস্থায় বাস করছে।নির্যাতন-নিপীড়নে দেশের আদিবাসীরা এখন বিলুপ্ত প্রায়। মঙ্গলবার সাম্যবাদী দলের (এমএল) সপ্তম জাতীয় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে অনুষ্ঠিত কংগ্রেসের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সরদার ফজলুল করিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 04:28 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

অনুষ্ঠানে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আদিবাসীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। কিন্তু প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তি তাদের সে ভাবে মূল্যায়ন করছে না।

তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, দু:শাসনের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু সামন্তবাদী চিন্তাভাবনার কারণে মেহনতি মানুষের আন্দোলন বাধাগ্রস্ত হচ্ছে। বিপ্লবী নেতৃত্বও এখন বাধাগ্রস্ত, নানা সমস্যায় আবর্তিত।

অধ্যাপক সরদার ফজলুল করিম বলেন, আমরা এখন গভীর সংকটে নিপতিত। এ অবস্থায় আমাদের মনে রাখতে হবে, ব্যক্তির মৃত্যুতেই আদর্শের মৃত্যু হয় না। পৃথিবীতে একমাত্র মানুষই সত্য। মানুষের শক্তি ও সম্ভাবনাই মূল সত্য। সংগ্রামই জীবন।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, সিপিবির এমএম আকাশ, গণফোরামের সাইফুদ্দিন আহমেদ মানিক, জাসদের (ইনু) শিরীন আখতার প্রমুখ। সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া।