২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেকে প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু দেশের লাভ হয়নি: বিচারপতি হাবিবুর রহমান

তত্ত্ববধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান বলেছেন, সাম্রাজ্যবাদী কাঠামো পরিবর্তনের চেষ্টা করে বামপন্থীরা সাফল্য লাভ করতে পারেনি। তবে কেউ কেউ প্রধানমন্ত্রীসহ কাঠামোর অনেক গুরুত্বপূর্ণ পদ অলংকরণ করেছেন। এতে অনেকের ব্যক্তিগত উপকার হলেও দেশের লাভ হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সোমবার জাতীয় প্রেসক্লাবে হায়দার আকবর খান রনোর লেখা ‘শতাব্দী পেরিয়ে’ শীর্ষক আত্মজীবনী গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। প্রবীন সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে আরও বক্তব্য রাখেন দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, কবি আসাদ চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, প্রকাশক মাহবুব আলম এবং হায়দার আকবর খান রনো।

বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান বলেন, যে কোনো রাজনৈতিক আন্দোলনে কিছু পরমুখাপেক্ষিতা থাকে। গণতান্ত্রিক আন্দোলনে বৃটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। কিন্তু এদেশের বামপন্থী আন্দোলন সম্পূর্ণ পরনির্ভর ছিল। পরনির্ভরশীলতার কারণে বামপন্থী আন্দোলন সংকটে পড়েছে।

গ্রন্থ সম্পর্কে তিনি বলেন, রনোর বইটি তার সপক্ষের, প্রতিপক্ষের এবং ইতিহাস চর্চাকারি নিরপেক্ষ ব্যক্তিদের কাছে অবশ্য পাঠ্যপুস্তক হয়ে দাঁড়াবে।

সাংবাদিক আতাউস সামাদ বলেন, ‘শেখ সাহেব’ ও ভাষানীসহ জাতীয় রাজনৈতিক ব্যক্তিদের তিনি সম্মান দিয়ে কথা বলেছেন। সরল ও প্রানবন্ত ভাষায় লেখা বইটি পড়তেও বেশ আরাম।

মতিউর রহমান বলেন, এদেশের জাতীয় রাজনীতি ও বামপন্থী আন্দোলনের ইতিহাসে বইটি গুরুত্বপূর্ণ রচনা হয়ে থাকবে। তিনি আরো বলেন, রুশপন্থীদের বিষয় নিয়ে লেখার সময় তিনি আরও উদার হতে পারতেন। এই বই থেকে রুশ ও পিকিংপন্থী উভয় ধারার পাঠকরা উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।