জনগণের কাছে পৌঁছানোই সংকট উত্তরণের পথ: গোলটেবিল
দেশে বিরাজমান সংকট উত্তরণে মুক্তি ও স্বাধীনতার চেতনায় ন্যুনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। সুশীল সমাজকে জনগণের কাছে পৌঁছতে হবে। জগণই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে নেবে।
সোমবার ঢাকার ধানমণ্ডিতে সাপ্তাহিক মৃদুভাষণ আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের উপায় কী?’ শীর্ষক গোলটেবিল আলোচনার আলোচকগণ এ মতামত ব্যক্ত করেন।
মৃদুভাষণের নির্বাহী সম্পাদক বিভুরঞ্জন সরকারের সভাপতিত্বে আলোচনায় মূল নিবন্ধ উপস্থাপন করেন গ্রেনেড বিস্ফোরণে নিহত সংসদ সদস্য শাহ এএমএস কিবরিয়ার পূত্র ও পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সদস্য ড. রেজা কিবরিয়া।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও অধ্যাপক এম এম আকাশ,অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, সংসদ সদস্য তানজীম আহমেদ সোহেল তাজ, সাংবাদিক মোজাম্মেল হোসেন, নিলুফার বানু, কাজী আব্দুর রহমান, রঞ্জন কর্মকার, মাহবুব জামান, ডাঃ দীপু মনি, সাইফুল হক প্রমুখ।
মূল নিবন্ধে ড. রেজা কিবরিয়া বলেন, আমাদের জাতীয় সংসদ বর্তমানে কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তার রোধ করতে না পারায় সাধারণ সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারছে না। জনকল্যাণের ধারণাটা এ দেশে মরতে বসেছে।
তিনি বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা তত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও দলীয় রাষ্ট্রপতির মাধ্যমে নিজের ইচ্ছাপূরণে অতিমাত্রায় সহায়ক। তাই বর্তমান নির্বাচন পদ্ধতির সংস্কার হওয়া দরকার।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, এ পর্যন্ত কোনো সরকারই প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোনো পদক্ষেপ নিচেছ না। কোনো দলের নির্বাচনী ম্যানুফেস্টোতে তাদের কথা নেই। অথচ এ পর্যায়ের শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে।
অধ্যাপক এমএম আকাশ বলেন, সংকট উত্তরণে দেশের উৎপাদনশীল শ্রেণীর লোকদের গড়ে তুলতে হবে। তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন করা প্রয়োজন।
ড. আবুল বারাকাত সংকট উত্তরণে তার ২১ দফা প্রস্তাবনা উপস্থাপন করে বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়তে ন্যুনতম কর্মসূচির ভিত্তিতে মুক্তি ও স্বাধীনতার সপক্ষের শক্তিগুলোর ঐক্য গড়ে তুলতে হবে।
নিলুফার বানু বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই সংকট উত্তরণের উপায় বের করতে হবে। গ্রহণযোগ্য কর্মসূচি নিয়ে তাদেরকে সম্পৃক্ত করা গেলে তারা সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখিয়ে দেবে।
