৭ এপ্রিল থেকে পঞ্চগড় সীমান্তে ভূমি জরিপ শুরু
আগামী ৭ এপ্রিল থেকে ভারত ও বাংলাদেশ সীমান্তে ভূমি জরিপ শুরু হচ্ছে। সোমবার বিডিআর ও বিএসএফ’র ব্যাটেলিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিআর সূত্র জানায়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উভয় দেশের সার্ভেয়াররা জমি মাপজোকের পর দুপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
জমি সংক্রান্ত সীমান্ত বিরোধ মেটাতে সকাল সাড়ে ১০টায় জেলার বোদা উপজেলার পাহাড়িপাড়া সীমান্তে বিডিআর ও বিএসএফ’র মধ্যে ওই পতাকা বৈঠক শুরু হয়। বৈঠক বিকেল পাঁচটা পর্যন্ত চলে।
এতে বিডিআরের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২২ রাইফেলস্ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল হালিমুর রশিদ। অন্যদিকে বিএসএফ’র সাত সদস্যের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত ব্যাটেলিয়ন কমান্ডেন্ট এমএল গরজ।
