জনগণের সমর্থন না থাকলে কারচুপি করে ক্ষমতায় যাওয়া যায় না: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, ‘জনগণের সমর্থন না থাকলে কারচুপি করে ক্ষমতায় যাওয়া যায় না। জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করুন। দেড় বছর পর নির্বাচন হবে। জনগণ চাইলে ভবিষ্যতে আবারও ক্ষমতায় যেতে পারবেন। নইলে আবারও বিরোধী দলে থাকতে হবে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।’
শুক্রবার মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
বক্তব্য রাখেন বন মন্ত্রী তরিকুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির যুগ্ম-মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের নেতা আবুল হোসেন প্রমুখ।
আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকার সংস্কারের নামে আন্দোলন করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। হরতালের মতো আন্দোলন দেশের মানুষ সমর্থন করে না। হরতাল দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। এতে বিরোধী দলেরও তেমন কোনো উন্নতি হবে না।
তিনি বিরোধী দলকে সংসদে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদে আসুন, কথা বলুন। দেশের মানুষ যদি আপনাদের সমর্থন করে, তবে আগামী নির্বাচনে আবারও আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে।
২৫ মার্চ কালরাত্রির স্মৃতিচারণ করতে গিয়ে মান্নান ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের দুর্বলতার কারনেই হানাদার বাহিনী শান্তিপ্রিয় মানুষের ওপর হামলার সুযোগ পেয়েছিল। আলোচনার মাধ্যমে ক্ষমতার হস্তান্তরের কথা বলে শাসকরা ষড়যন্ত্র করছিল।
