১৪ দলের ভুখা মিছিল ও সমাবেশ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ সরকার বিরোধী ১৪ দলীয় জোট বুধবার সারাদেশে ভুখা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জোট সরকারের পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচি পালন করবে।
বিরোধী দলীয় এক সূত্র জানায়, কর্মসূচি সফল করতে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে।
মহানগর আওয়ামী লীগ মঙ্গলবার দুপুরে প্রস্তুতি পর্যালোচনা এবং ভুখা মিছিলের জন্য মানুষকে সংগঠিত করতে এক সভার আয়োজন করে।
বুধবার আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউ’র দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে ভুখা মিছিল করবে। অন্যান্য দলও ভুখা মিছিল বের করবে।
গত ২ মার্চ বিরোধী দলীয় জোট এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। এছাড়াও তারা মার্চের ২৭ তারিখ দেশ ব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
সূত্র জানায়, বিরোধী দল হরতালের পর সরকারের বিরুদ্ধে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
