২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫আগস্টের হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ার স্বপ্নকে ধুলিস্যাৎ করা হয়েছে: ফ্লোরিডায় শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্য ও বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধুলিস্যাৎ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বঙ্গবন্ধুর ৮৬ তম জন্মদিন উপলক্ষে শনিবার সন্ধ্যায় আমেরিকার ওরল্যাণ্ডোতে হোটেল ডে’জ ইন্-এ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফ্লোরিডা শাখা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।  শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের পবিত্র সংবিধানকে ছিন্নভিন্ন করা হয়েছে। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে।

স্থানীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ফ্লোরিডা থেকে  বিডিনিউজকে এ তথ্য জানান।

শেখ হাসিনা দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, বিএনপি-জামাত জোট সরকার দেশের মানুষকে বঞ্চিত ও জনগণের অর্থ-সম্পদ লুট করে নিজেদের ভাগ্যোন্নয়ন করছে। তারা জাতীয় সংসদকে অকার্যকর করেছে। প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণ করে তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

ফ্লোরিডা শাখা আওয়ামী লীগের সভাপতি ডা. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অধ্যাপক খালেদ হাসান, আইয়ুব খান, শামীম চৌধুরী, শাওন প্রজা এবং জাসদের আমেরিকা শাখার সভাপতি এ. মুসাব্বির বক্তব্য রাখেন।