যোগাযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: তদন্ত দাবি
যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে টেন্ডারবিহীন কাজের মাধ্যমে দলীয় লোকদের কোটি কোটি টাকা আত্মসাতের সুযোগ দেয়ার অভিযোগ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি।
রোববার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি বলেন, ‘জোট সরকার আমলে চকরিয়া-পেকুয়ায় উন্নয়নের নামে চলছে সরকারী অর্থের হরিলুট।’
চকরিয়ার চিরিংগা এলাকায় একটি ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা দাবি করেন, জোট সরকার আমলে জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় ৫ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সড়ক সম্প্রসারণের নামে চকরিয়া পৌরসভাধীন চিরিংগায় আওয়ামী লীগ নেতা কর্মীদের মার্কেট, দোকান ও বসত বাড়ী ভেঙ্গে ফেলা হয়েছে। চকরিয়া ও পেকুয়ার ৫ লাখ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট মাতামুহুরী সেচ বাঁধ নিমার্ণেও দুর্নীতি ও লুটপাট করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ চকরিয়াকে আধুনিক উপজেলা গড়ে তুলেছিল। এ এলাকার মানুষের জন্য মাতামুহুরী নদীতে এ্যাগ্রো-বেজড প্রজেক্ট নির্মাণের জন্য ২শ কোটি টাকার কাজের অনুমোদন করেছিল।
