২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসস’র সামনে যুবলীগের বিক্ষোভ কর্মসূচি পুলিশী বাধায় পণ্ড

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র ও অপপ্রচারের’ প্রতিবাদে আওয়ামী যুবলীগের উদ্যোগে রোববার বিকেলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কার্যালয়ের সামনের বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পুলিশী বাধার কারণে পণ্ড হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল বের করে পুরানা পল্টনে বাসস কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ কাঁটা তারের ব্যারিকেড দিয়ে যুবলীগ নেতা-কর্মীদের আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধাক্কাধাক্কি ও বাক-বিতণ্ডা হয়। পরে যুবলীগ বঙ্গবন্ধু এভিনিউতে পুলিশ ব্যারিকেডের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করে।

এর আগে বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, সাইদুর রহমান, মুজিবুর রহমান চৌধুরী, ফজলুল হক আতিক, মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে যুবলীগ সূত্র জানায়, আগামী ২৪ মার্চ ‘জয়ের বিরুদ্ধে অপপ্রচারের’ প্রতিবাদে দেশের সকল জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।