বিএনপি কার্যালয়ের সুপার লতিফের ইন্তেকাল : প্রধানমন্ত্রীর শোক
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সুপারিনটেনডেন্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ রোববার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে----- রাজেউন)।
সোমবার তার লাশ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর রাজপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এ বছরের ২৬ ফেব্র“য়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরে যুদ্ধে অংশে নেন। ১৯৫১ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি সুবেদার মেজর হিসেবে ১৯৭৮ সালে অবসর নেন।
পরে বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
রোববার বিকেলে তার লাশ দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ দলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে মরহুমের কফিন জাতীয় ও বিএনপির দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার কফিনে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তার লাশ পিরোজপুরের গ্রামের বাড়িতে পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর শোক
বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল লতিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়াও অনুরূপ এক বার্তায় আব্দুল লতিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
