১৪ দলের ডাকে সারাদেশে উপজেলা ও থানায় মানব প্রাচীর কর্মসূচি
বিএনপি-জামাত জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাতে আওয়ামী লীগসহ আন্দোলনরত ১৪ দল রোববার দেশের সকল উপজেলা ও থানায় একযোগে মানব প্রাচীর কর্মসূচি পালন করেছে। বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচি প্রায় শান্তিপূর্ণভাবে পালিত হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদ এবং গ্রেনেড ও বোমা হামলাকারীদের বিচার ও জোট সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ যুগপৎ এ কর্মসূচি পালন করে।
বিডিনিউজ ফেনী সংবাদদাতা জানান, জেলার ফুলগাজী, পরশুরাম ও সোনাগাজীতে কর্মসূচি চলাকালে সন্ত্রাসী হামলায় বিরোধী দলের ১৫ নেতা-কর্মী আহত হয়। কর্মসূচি শুরুর প্রায় ১৫ মিনিট পর একদল সশস্ত্র সন্ত্রাসী লোহার রড, বাঁশের লাঠি ও অস্ত্র-শস্ত্র নিয়ে মানবপ্রাচীরে হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
সাভার সংবাদদাতা জানান, ঢাকা-আরিচা মহাসড়কে ১৪ দলের নেতা-কর্মীরা হাতে হাত ধরে দীর্ঘ মানব প্রাচীর গড়ে সরকারের প্রতি অনাস্থা জানায়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় নেতা হাসিনাদৌলা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, মুরাদ জং প্রমুখ বক্তব্য রাখেন।
সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, সিরাজগঞ্জ ও কাজীপুর মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার জুড়ে ১৪ দলের নেতা-কর্মীরা হাতে হাত ধরে গণঅনাস্থা প্রাচীর গড়ে সরকারের প্রতি অনাস্থা জানায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম কর্মসূচিতে নেতৃত্ব দেন। তিনি সমবেত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।
শেরপুর সংবাদদাতা জানান, জেলার সদর, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় ১৪ দলের গণঅনাস্থা প্রাচীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আওয়ামী লীগ দলীয় সাংসদ আতিউর রহমান আতিকসহ জেলা নেতারা কর্মসূচিতে নেতৃত্ব দেন।
নোয়াখালি সংবাদদাতা জানান, জেলার সকল উপজেলায় মানবপ্রাচীর কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। জেলা শহরের আব্দুল মালেক উকিল সড়কে ১৪ দলের নেতা-কর্মীরা হাতে-হাত ধরে বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের প্রতি অনাস্থা জানায়।
এছাড়া সারাদেশে উপজেলা ও থানায় এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয় বলে সংবাদদাতারা জানিয়েছেন।
এর আগে ঢাকা সহ ছয় মহানগরী এবং জেলা পর্যায়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
১৪ দল আগামী ২৩ মার্চ ভূখা মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছে। আগামী ২৭ মার্চ দলগুলো সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালেরও ডাক দিয়েছে।
