৩০ মার্চ বিভাগীয় শহরে বিএনপির সমাবেশ
আগামী ৩০ মার্চ বিএনপি ৬ বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ করবে। ‘আওয়ামী লীগের ধ্বংসাত্মক রাজনীতি, হরতাল, নৈরাজ্য এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে’ তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এক বিবৃতিতে নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, দেশের জনগণ ইতোমধ্যেই বিরোধী দলের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, তারা হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়।
তিনি আরও বলেন, বিএনপি জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করবে।
তিনি আগামী ৩০ মার্চ বিএনপির কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
