জামাতের দু’জন মন্ত্রীর পদত্যাগ করা উচিত : মুফতি আমিনী
ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, জামাতে ইসলামীর মন্ত্রী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের পদত্যাগ করা উচিত।
তিনি মদের লাইসেন্স দেওয়ার জন্য শিল্পমন্ত্রী নিজামী ও যৌনকর্মীদের অনুমোদন দেওয়ার জন্য সমাজ কল্যাণ মন্ত্রী মুজাহিদের পদত্যাগ দাবি করেন।
বৃহস্পতিবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘ইসলামী আইন বাস্তবায়ন কমিটি’র ঢাকা মহানগর শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। মদকে নিষিদ্ধ ঘোষণার দাবি, ক্রাউন ও হান্টারকে অনুমোদন দেওয়া এবং ভোলায় কোরান শরীফে অগ্নিসংযোগ করার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
মহনগর শাখার সাধারণ সম্পাদক মওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মওলানা মহিউদ্দিন খান, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস এমপি, মওলানা নুর হোসেন কাশেমী ,মওলানা আবদুল লতিফ নিজামী, মওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ।
মুফতি ফললুল হক আমিনী বলেন, জামাতের সঙ্গে আমাদের আদর্শগত কোনো মিল নেই। বিএনপি, জাতীয় পার্টির মতো জামাতের সঙ্গেও আমাদের অনেক বিষয়ে অমিল আছে।
তিনি বলেন, রোমান আইন অনুযায়ী আমাদের দেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয়। ইসলামী আইনের সঙ্গে রোমান আইনের বিরোধ দীর্ঘদিনের। শরাব, জুয়া, জেনা ইত্যাদি রোমান আইন অনুযায়ী বৈধ। কিন্তু ইসলামী আইন পরিপন্থী। বাংলাদেশের দণ্ডবিধির অনেক আইন ইসলামী আইন পরিপন্থী। তিনি আরও বলেন, হাইকোর্ট হোক, সুপ্রীমকোর্ট হোক, জাতীয় সংসদ হোক, ইসলামের বিরুদ্ধে যে কেউ রায় দিলে জনগণ তা মেনে নেবে না। তিনি অবিলম্বে রোমান আইন বাতিল করে ইসলামী আইন প্রবর্তনের দাবি জানান।
