২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলায় ফলপ্রসু বৈঠক, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড়ে স্বস্তি—

ত্রিপুরার আগরতলায় বিডিআর-বিএসএফ’র মধ্যে বুধবার ফলপ্রসু বৈঠকের পরিপ্রেক্ষিতে সীমান্তে স্বস্তি ফিরে এসেছে। এরই মধ্যে খাগড়াছড়ি, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জে সেক্টর কমান্ডার পর্যায়ে বিডিআর ও বিএসএফের বৈঠক হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বিডিনিউজের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় রামগড় সীমান্তের দারগাপাড়ায় বিডিআর-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে ফের বৈঠক বসছে।

বিডিআর সূত্র জানায়, এই বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে ভারতীয় জনবসতিপূর্ণ এলাকায় বেড়া খানিকটা নোম্যান্স ল্যান্ডের দিকে এগিয়ে আসলেও অন্যসব স্থানে নোম্যান্স ল্যান্ডের বাইরে বিরোধমুক্ত স্থানে বেড়া নির্মাণের বিষয়ে একটি সমঝোতা হতে পারে।

এদিকে রামগড়-অযোদ্ধা সড়কে সবধরণের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির পর থেকে ছোট খেদা ও নিতাই বৈষ্ণব কারবারী পাড়ার দু’টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। রামগড়-অযোদ্ধা সড়কে সবধরণের যানবাহন চলাচলের ওপর এখনও রয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার সোনা মসজিদ বিওপিতে বিডিআর-বিএসএফ’র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিডিআর সূত্র জানায়, বিডিআরের পক্ষে রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল শহীদ সারোয়ার আজম সাত সদস্যের প্রতিনিধি দলের এবং বিএসএফ’র ডিআইজি নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকে সীমান্ত সংঘাত, কাঁটা তারের বেড়া নির্মাণ, চোরাচালান ইত্যাদি বিষয় প্রাধান্য পায়।

৬ রাইফেল ব্যাটালিয়নের উপ-সহকারি পরিচালক হারুনুর রশিদ বিডিনিউজকে জানান, আন্তরিক পরিবেশে বৈঠক চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকের ফলাফল জানা যায়নি।

পঞ্চগড় প্রতিনিধি জানান, বুধবার ভারতের উত্তর দিনাজপুরের বিলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিডিআর ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিডিআর সূত্র জানায়, বিএসএফ শর্ত সাপেক্ষে নাগর নদীর তীরে বাংলাদেশকে বাধ নির্মাণ করতে দিতে রাজী হয়েছে।

এছাড়া বৈঠকে শান্তিপূর্ণ সহাবস্থান, কাঁটাতারের বেড়া নির্মাণ, পুশইন, চোরাচালানÑইত্যাদি বিষয় প্রাধান্য পায়।

বিডিআরের দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল কাজী কায়সার উদ্দিন এবং বিএসএফ’র ডিআইজি আরপি চিলো কোঠি দু’পক্ষের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।