২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে

আওয়ামী লীগ সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী দিনের প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ প্রত্যাখ্যান করে এর তীব্র সমালোচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী যে ভাবে বিদেশীদের ধমক দিয়েছেন, তা অশোভন ও অসংসদীয়। বিদেশীদের ব্যাপারে কুটনৈতিক ভাষায় কথা বলা উচিত। একজন প্রধানমন্ত্রীর এ ধরণের ব্যবহার অনভিপ্রেত।

বুধবার জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও বিরোধী দলীয় প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদও বক্তব্য রাখেন।

আব্দুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিরোধী দলীয় নেত্রীকেও কটাক্ষ করেছেন। আওয়ামী লীগ রাষ্ট্রপতির ভাষণ একদিন পিছিয়ে নিহত সংসদ সদস্য কিবরিয়ার ওপর শোক প্রস্তাব উত্থাপনের প্রস্তাব দিয়েছিল। স্পিকার তা না মানায় বিরোধী দল অধিবেশন বর্জন করে। সরকার বা স্পিকারের পক্ষ থেকে বিরোধী দলকে সংসদে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘আমরা সংসদে ফিরে যাই, এটা তারা চায় না।’

তিনি আরও বলেন,  ‘আমরা তত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার চাই। বিগত তিনটি নির্বাচনে অর্জিত অভিজ্ঞতার কারণেই আমাদের এ দাবি। আমরা কোনো অযৌক্তিক দাবি করিনি।’

উপনেতা আব্দুল হামিদ আরও বলেন, সংসদকে অকার্যকর করা হয়েছে। সদ্য সমাপ্ত অধিবেশনের ২২টি কার্যদিবসের মধ্যে মাত্র ৪টিতে কোরাম ছিলো। বাকী ১৮টিতেই কোনো কোরাম ছিলো না। কিন্তু স্পিকার সংসদ চালিয়েছেন। এটা সংবিধানের লংঘন।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, আইনমন্ত্রী স্পিকারকে নির্দেশ দিয়ে কোরাম ছাড়াই অধিবেশন চালিয়ে বিল পাস করিয়েছেন। নাজমুল হুদা একজন মন্ত্রী হয়েও সুপ্রীম কোর্টকে ধমক দিয়েছেন। এটা তারা করতে পারেন না। এটা সংবিধানের পরিপন্থী, শপথের বিরোধী।