বড় দেশগুলোতে 'জাম্বো সাইজ' দুর্নীতি হয়, এ দেশে হয় 'পিক পকেটের' মতো : সংসদে অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান সংসদে বলেছেন, বড় বড় দেশগুলোতে ‘জাম্বো সাইজ’ দুর্নীতি হয়। আর আমাদের দেশের দুর্নীতি ‘পিক পকেটের’ মতো। তারপরেও সরকার দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশন গঠন করেছে।
মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্যদানকালে তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতি স্থিতিশীল ও প্রবৃদ্ধির হার বেড়েছে। তারপরেও বিরোধী দল দেশে-বিদেশে নানা অপপ্রচার করছে।
অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মজ্জাগতভাবে এক দলীয় মনোভাব পোষণ করে। তারা কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না।
সাইফুর রহমান বস্তুনিষ্ট ও সঠিক সংবাদ পরিবেশনের জন্যে সংবাদপত্রের প্রতি আহ্বান জানান।
