সংসদকে হাইকোর্টের দেওয়া নির্দেশনা সংবিধান সম্মত নয় : অধিবেশনে যোগাযোগ মন্ত্রী
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, জাতীয় সংসদকে কেউ নির্দেশনা দিতে পারে না। একটি রীট পিটিশনকে কেন্দ্র করে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণে সংসদ ও সরকারকে হাইকোর্টের দেওয়া নির্দেশনা সংবিধান সম্মত নয়।
মঙ্গলবার জাতীয় সংসদের সকালের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে তিনি একথা বলেন। স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার বৈঠকে সভাপতিত্ব করেন।
দিবসের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। পরে ৭১ বিধিতে দেওয়া দৃষ্টি আকর্ষনী নোটিশের নিষ্পত্তি এবং তিনটি জনগুরুত্বপূর্ণ নোটিশের নিষ্পত্তি শেষে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হয়। অধিবেশন বিকেল সাড়ে ৪ টায় আবার শুরু হচ্ছে।
সকালের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, বিএনপির সাংসদ শামসুজ্জোহা খান, হাবিবুল ইসলাম হাবিব, ধীরেন্দ্র নাথ সাহা এবং জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের।
