আগরতলায় বিডিআর ও বিএসএফ'র বৈঠক চলছে, খাগড়াছড়ি সীমান্তে উত্তেজনা
সীমান্তে সংঘাত নিয়ে আগরতলায় সোমবার থেকে শুরু হওয়া বিডিআর ও বিএসএফ’র উপ পরিচালক পর্যায়ের বৈঠক চলছে। তবে চলমান এই বৈঠক সত্ত্বেও বিএসএফ পার্বত্য জেলা খাগড়াছড়ির সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সামগ্রী মজুদ করেছে বলে জানা যায়।
বিডিআর সূত্র জানায়, খাগড়াছড়ি সীমান্তে পরিস্থিতি এখনও থমথমে। জনমনে এখনও বিরাজ করছে আতংক । বিডিআর-বিএসএফ উভয় পক্ষই কঠোর অবস্থান নিয়েছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। উভয় পক্ষই গত ২০ দিন ধরে লাল পতাকা উঁচিয়ে জারি রেখেছে রেড এলার্ট ।
এদিকে পঞ্চরামপাড়া, কাসিবাড়ি, আঁধারমানিক, তবলছড়ি, তাইন্দং সীমান্তে বিএসএফ আধুনিক ও ভারী মারনাস্ত্র জড় করেছে বলে বিডিআর ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।
রামগড় সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে সীমান্ত আইন অমান্য করে কাঁটা তারের বেড়া নির্মানকে কেন্দ্র করে সৃষ্ট সীমান্ত-বিরোধের জের ধরে ১৫ দফা গোলাগুলির পর সীমান্তের আশে-পাশের মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ দুরত্বে চলে যাচ্ছে।
