দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে সুলতান হোসেন খানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা
বিচারপতি সুলতান হোসেন খানের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে শনিবার একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল হক হেলালের দায়ের করা এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক আদেশ জারি করেন। আদেশে আদালত কোন অধিকার বলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তার পদে অধিষ্ঠিত আছেন তা জানার জন্য বিচারপতি সুলতান হোসেন খান এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেন।
বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। আদালত কারণ দর্শানোর জন্য আট সপ্তাহের সময় বেঁধে দিয়েছে।
আবেদনকারী তার আবেদনে উল্লেখ করেন যে, বিচারপতি সুলতান হোসেন খান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে সংবিধানের ১১৮ (৩) (ক) এবং ৯৯ (১) (২) ধারা লঙ্ঘন করেছেন। বিচারপতি খান এর আগে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
সংবিধান মোতাবেক অবসরপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এবং সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিগণ সরকারের কোনও লাভজনক পদে দায়িত্ব পালন করতে পারেন না।
অ্যাডভোকেট মো: আসাদুল্লাহ ও আবেদনকারী অ্যাডভোকেট আমিনুল ইসলাম নিজে আদালতে মামলাটি পরিচালনা করেন।
