২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদী শক্তির উত্থানে ভারত উদ্বিগ্ন: বিনা সিক্রি

বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানে ভারত সরকার উদ্বিগ্ন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রি বুধবার এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জাতীয় পার্টি প্রধান এইচ এম এরশাদের আমন্ত্রণে পার্টির বনানীস্থ অফিসে দেখা করতে গিয়ে সিক্রি বলেন, ‘ আমরা ড. গালিবের বক্তব্য নিয়ে আমরা চিন্তিত।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গালিব পুলিশের কাছে স্বীকার করেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ বাংলাদেশীদের উন্নতমানের অস্ত্রসহ কাশ্মির পাঠানো হয়েছে। কেননা দীর্ঘদিন ধরে ভারতীয়রা কাশ্মিরে জঙ্গীদের সাথে লড়াই চালিয়ে যাছে।

এছাড়াও ভারতের সাথে কোনোও ধরণের সংলাপের ব্যাপারে বাংলাদেশ সরকারের অনাগ্রহের বিষয়ে সিক্রি হতাশা প্রকাশ করেন।

সাবেক প্রেসিডেন্ট এরশাদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘সংলাপ এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যে কোনোও সমস্যার সমাধান করা সম্ভব। আমরা পাকিস্তানের সাথে তিনবার যুদ্ধ করেছি। কিন্তু তারপরও তাদের সাথে নিয়মিত সংলাপ চালিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের ঘাড়ে দোষ চাপাবেন না, একসাথে আলোচনায় বসুন। আমরা বন্ধুত্বপূর্ণ এবং প্রতিবেশি দেশ।

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া সম্পর্কে সিক্রি বলেন, ‘এর মাধ্যমে বাংলাদেশই উপকৃত হবে, কেননা কাঁটাতারের বেড়া দেয়ার ফলে চোরাচালান বন্ধ হবে। যার মাধ্যমে উভয় দেশই লাভবান হবে।’

সম্প্রতি মৌলবাদী তৎপরতা বন্ধে তার সরকারের কর্মকাণ্ড সম্পর্কে ভারতীয় হাই কমিশনার সন্তোষ প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতেও এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এ সময় বিনা সিক্রির ডেপুটি এস চক্রবর্তী উপস্থিত ছিলেন। তারা অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় এবং অন্যান্য আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।