শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ায় নারীরা নিপীড়ন ও সহিংসতার শিকার হচ্ছে: সন্তু লারমা
পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে পাহাড়ের নারীরা এখনও জাতিগত ও সাম্প্রদায়িক নিপীড়ন এবং সহিংসতার শিকার হচ্ছেন। চুক্তিকে লংঘন করে পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন ও সেনা সন্ত্রাস চলছে। সেনা শাসনের প্রধান শিকার হচ্ছে জুম্ম (পাহাড়ি) নারী সমাজ।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল ইউমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা একথা বলেন।
তিনি বলেন, শাসক গোষ্ঠী যেমন দেশের মেহনতি মানুষকে মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, তেমনি ক্ষুদ্র আদিবাসী জাতিসহ নারী সমাজের প্রতিষ্ঠার অধিকার ক্ষেত্রেও চরমভাবে বিরোধীতা করে চলেছে। এর বিরুদ্ধে রুখে দাড়াঁতে হলে নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
রাঙ্গামাটি পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিলা সমিতির সভাপতি মাধবী লতা চাকমার সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রধান শিলা মোমেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য রওশন আরা বেগম, বিশ্ব খাদ্য কর্মসূচির রাঙ্গামাটির কর্মকর্তা রীতা চাকমা প্রমুখ।
আলোচনা সভা শেষে পৌর চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্ষন্ত এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। এতে শত শত নারী অংশ গ্রহন করেন।
সন্তু লারমা বলেন, নারীদের কেবল রান্ন্া ঘর, শয়ন কক্ষ ঘর ও আতুর ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। সময় এসেছে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্য নারী সমাজকে নেতুত্বের ভূমিকায় এগিয়ে আসার। এ জন্য কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করাই যথেষ্ট নয়। সামাজিক অনুশীলনের মাধ্যমে নারীদের সচেতন সামাজিক শিক্ষা নিতে হবে।
