২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সোনার বাংলা’ গড়তে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন: শেখ হাসিনার আহ্বান

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জাতির এক ক্রান্তিলগ্নে আমি বিএনপি-জামাত জোটের স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত ‘সোনার বাংলা’ গড়ে তোলার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার এক বাণীতে শেখ হাসিনা এই আহ্বান জানান। তিনি বলেন, জোট সরকার দেশব্যাপী সন্ত্রাস, খুন, ধর্ষণ, লুঠপাট, চাঁদাবাজী, গ্রেনেড-বোমা হামলাসহ মানবতা বিরোধী সকল আপরাধ প্রশ্রয় দিয়ে যাচ্ছে। ব্যর্থ এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হবেই। বিএনপি-জামাত জোট সরকারের দু:শাসনের অবসান হবেই।

শেখ হাসিনা তার বাণীতে বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আমাদের স্বাধীনতার সংগ্রামের এক অমূল্য গাথা। এই ভাষণেই বঙ্গবন্ধু ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’ এই ভাষণে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের লক্ষ্যে মুক্তিযুদ্ধের রূপরেখা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি স্বাধীনতা অর্জনে জাতিকে চরম ত্যাগ স্বীকার করার নির্দেশ দেন।

তিনি বলেন, ওই ভাষণ প্রচারের সঙ্গে সঙ্গে দেশের সকল শহর,বন্দর ও গ্রামাঞ্চলের মানুষ মুক্তিযুদ্ধের সর্বাতœক প্রস্তুতি গ্রহণ করে। সর্বস্তরের জনগণকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব গড়ে ওঠে সংগ্রাম কমিটি। ৭ মার্চের ভাষণে দেওয়া বঙ্গবন্ধুর নির্দেশে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে।