সরকার পতনের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করুন: নেতা-কর্মীদের প্রতি শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ঐক্যবদ্ধ দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ব্যর্থ জোট সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তিনি সরকার পতনের লক্ষ্যে চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার জন্য দলের নেতা-কর্মীদের আহ্বান জানান।
বৃহস্পতিবার দিনভর ধানমণ্ডির বাসভবন সুধাসদনে দলের বিভিন্ন জেলার নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, মানবাধিকার লঙ্ঘন, নারী নির্যাতন, সাংবাদিক খুনে চ্যাম্পিয়ন বিএনপি-জামাত জোট সরকার বিদেশে দেশের ভাবমূর্তি ম্লান করে দিয়েছে। বিভিন্ন উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র জঙ্গী গ্র“পকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে এমন অবস্থার সৃষ্টি করেছে যে, এখন দেশের উত্তরাঞ্চলসহ বহু এলাকায় সরকার আছে বলে মনে হয় না। খোদ প্রধানমন্ত্রী আদেশ-নির্দেশ দিয়ে এখনও বাংলা ভাইকে ধরতে পারছেন না।
তিনি বলেন, এর অর্থ হচ্ছে সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর আদেশ মানছে না, অথবা প্রশাসনের ওপর তার কোনো নিয়ন্ত্রন নেই। অথবা প্রধানমন্ত্রী কি লোক দেখানো নির্দেশ দিয়েছেন? এটি সত্য হলে অবিলম্বে তার পদত্যাগ করা উচিৎ।
শেখ হসিনা বলেন, গ্রেনেড-বোমা হামলার মাধ্যমে নেতা-কর্মী হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার নীল নকশা বাস্তবায়ন হবে না। তার আগেই সরকারকে বিদায় নিতে হবে।
