দেশের জঙ্গিবাদ মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে হাতিয়ার তুলে নিতে এরশাদের আহ্বান
টঙ্গী আমজাদ আলী সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী মুক্তিযোদ্ধা মিলন মেলা ২০০৫ বৃহস্পতিবার শুরু হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন।
দেশের জঙ্গিবাদ মোকাবেলায় সকল মুক্তিযোদ্ধাদের হাতিয়ার তুলে নিয়ে আবার ঐক্যবন্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে এরশাদ বলেন, “শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করে যাননি। আমি কেবল প্রথম মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করি এবং রাষ্ট্রপতি হিসেবে আমিই প্রথম সাভার স্মৃতিসৌধে ফুল দেই।”
বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ইসমাইল হোসেন বেঙ্গল, কর্ণেল এইচ এম গাফফার, বীর উত্তম, উত্তরা থানা জাতীয় পার্টির সভাপতি বাহাউদ্দিন আহমেদ বাবুল, নাজিম উদ্দিন গেরিলা, বিচ্চু দেওয়ান, শরীফ বাবুল, ওমর আলী, ফজলুল হক, সাইফুল রহমান (রাজশাহী কমান্ডার) ও নাসিম উদ্দিন (খুলনা কমান্ডার) প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক সুলতানা জামান।
এ সময় মেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বিশিষ্ট মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধকালীন বাঁশের তৈরি বাংলাদেশ ফোর্সেস হাসপাতালে সেবাদানকারী এবং সেবাগ্রহণকারী মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের দুর্বিসহ সময়ের স্মৃতিচারণ করেন।
