২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে ১ জানুয়ারি দেশব্যাপী আ. লীগের বিক্ষোভ কর্মসূচি

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি এবং তার ‘স্বেচ্ছাচারিতা ও অসাংবিধানিক--অগণতান্ত্রিক’ কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ১ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এছাড়া মঙ্গলবার গাজীপুরে ১৪ দলের উপজেলা ঘেরাও কর্মসূচিতে বিএনপি ক্যাডারদের হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামানসহ নেতা কর্মীদের আহত হওয়া এবং প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপিকে জেএমবি’র হত্যার হুমকির প্রতিবাদে ৩০ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

বুধবার রাতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে প্রায় দেড় ঘন্টার সভায় দেশের সার্বিক রাজনৈতিক, আর্থ--সামাজিক অবস্থা এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শেখ হাসিনা তার বক্তব্যে দেশে সার সংকট এবং দ্রব্যমূল্যের চরম উর্ধগতির কথা উল্লেখ করে বলেন, দেশে পরিকল্পিতভাবে সার সংকট সৃষ্টির জন্যে প্রধানমন্ত্রী ও তার পরিবারই দায়ী।

তিনি বলেন, সার ব্যবসা নিয়ন্ত্রণ করা হয় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হাওয়া ভবন থেকে। এর আগেও তারা যখন ক্ষমতায় ছিল, তখন দেশে সার সংকটের সৃষ্টি করা হয়েছিল। ১৮ জন কৃষককে নির্মমভাবে হত্যা করেছিল তারা। 

শেখ হাসিনা বলেন, শুধু সার নয়, প্রতিটি জিনিস নিয়েই জোট সরকার সিন্ডিকেট করে ব্যবসা করছে। আর জনগণকে তার কুফল ভোগ করতে হচ্ছে। সরকারের ব্যবসার কারণে চাল, ডাল, তেল, লবণ, চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠেছে। অথচ জনগণের দিকে ফিরে তাকায়না তারা। তাই গণবিরোধী এই দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করে বিএনপি জামাত জোটের পতন ঘটিয়ে জনগণকে মুক্ত করতে হবে। 

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল জানান, সভায় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-- ওই দিন ভোর ৬টায় দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি এবং ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। এ উপলক্ষে ৯ জানুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ২৭ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ্ এএমএস কিবরিয়া’র মৃত্যুদিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।