২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার সংকটের জন্যে প্রধানমন্ত্রীই দায়ী : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে পরিকল্পিতভাবে সারের সংকট সৃষ্টির জন্যে প্রধানমন্ত্রী ও তার পরিবারই দায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বুধবার রাতে তার ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) জরুরি সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, সার ব্যবসা নিয়ন্ত্রণ করা হয় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হাওয়া ভবন থেকে। এর আগেও তারা যখন ক্ষমতায় ছিল তখন দেশে সার সংকটের সৃষ্টি করা হয়েছিল। ১৮ জন কৃষককে নির্মমভাবে হত্যা করেছিল তারা। 

শেখ হাসিনা বলেন, শুধু সার নয়, প্রতিটি জিনিস নিয়েই জোট সরকার ব্যবসা করছে। আর জনগণকে তার কুফল ভোগ করতে হচ্ছে। সরকারের ব্যবসার কারণে চাল, ডাল, তেল, লবন, চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ জনগণের দিকে ফিরে তাকায়না তারা। তাই গণবিরোধী, দুর্নীতিবাজ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করে বিএনপি জামাত জোটের পতন ঘটিয়ে জনগণকে মুক্ত করতে হবে। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।