পৌরসভা নির্বাচন: ভাঙ্গুড়া, বদরগঞ্জ ও নাজিরপুরে আ. লীগ প্রার্থী ও শিবগঞ্জে বিএনপি প্রার্থী চেয়ারম্যান
পৌরসভা নির্বাচনে পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাকিবিল্লাহ, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী শামীম কবির হেলিম এবং নওগাঁর নজিরপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিনুল হক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাকিবিল্লাহ তিন হাজার তিনশ’ ১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সভাপতি ও চারদলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান পেয়েছন দুই হাজার দুইশ’ ৫০ ভোট।
এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম পেয়েছেন এক হাজার আটশ’ ৬৪ ভোট এবং বর্তমান পৌর চেয়ারম্যান ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি প্রামাণিক পেয়েছেন এক হাজার চারশ ৪১ ভোট।
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শামীম কবির হেলিম সাত হাজার আটশ ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামী সমর্থিত বর্তমান চেয়ারম্যান মো: জাফর আলী পেয়েছেন পাঁচ হাজার দুইশ ৪৩ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাদ মনির আহমেদ জেন্টু পেয়েছেন চার হাজার ছয়শ’ চার ভোট।
সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে তা শেষ হয়।
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১১টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ২১ হাজার তিনশ’ ৫৩ জন।
নওগাঁর নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিনুল হক তিন হাজার একশ ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আনোয়ার হোসেন পেয়েছেন দুই হাজার দুইশ’ ৭৩ ভোট।
নজিরপুর পৌরসভা নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট নয় হাজার চারশ ৬৯ জন ভোটারের মধ্যে ৯০ শতাংশ ভোট পড়ে বলে জানান রিটার্নিং অফিসার।
এদিকে রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উত্তম কুমার সাহা ছয় হাজার তিনশ’ ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি (জাপা-এরশাদ) সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন পেয়েছেন দুই হাজার ছয়শ ৩৪ ভোট।
