জাতি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের নাম উল্লেখ না করে বলেছেন, জনগণের সাহায্য সহযোগিতা না পেয়ে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। আর এ কারণে তারা নির্বাচিত সরকারকে অবৈধভাবে ক্ষমতা থেকে সরানোর জন্যে ষড়যন্ত্র করছে।
টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে মঙ্গলবার নাগরপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে অনেক বড় বড় জঙ্গি নেতা ধরা পড়েছে, অনেকে আত্মসমর্পণ করেছে। বাকিরাও ধরা পড়বে। তারা সরকার ও জনগণের জালে আটকা পড়ে গেছে। দেশের মানুষ সন্ত্রাসী ও বোমাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
সম্প্রতি একের পর এক বোমা হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যা আমার একার নয়, এটি জাতীয় সমস্যা। এজন্যে আমরা সকলের সাথে আলাপ করতে চেয়েছি। সবাই আমাদের ডাকে সাড়াও দিয়েছে। কিন্তু একটি দল আর তাদের সাথে কয়েকজন লোক ১৪ জনের ১৪ দল আমাদের ডাকে সাড়া দেয়নি। তারা আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা চায় না দেশে বোমাবাজি বন্ধ হোক। কারণ তারাই সন্ত্রাসী ও বোমাবাজদের মদদদাতা।
যখন আমরা আত্মনির্ভরশীল হতে চলেছি, তখন শুরু হয়েছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র শুধু সরকারের বিরুদ্ধে নয়, পুরো দেশের জনগণের বিরুদ্ধে।
তিনি বলেন, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের মাধ্যমে আমরা দেশ গড়ার জন্যে কাজ করে যাচ্ছি। কিন্তু ইসলামের নাম ব্যবহার করে ষড়যন্ত্র শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আজকে একটি দল মানুষ হত্যা করছে, পুলিশ, আইনজীবী ও বিচারকদের ওপর বোমা হামলা করছে। তারা সব বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার বানাতে চায়।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর যেভাবে বাংলাদেশে সবকিছু ধ্বংস করে একটি দেশের ক্রীড়নকে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে।
তিনি বলেন, এই ষড়যন্ত্র কখনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যে দেশের মানুষ নিজের মাটি ও ভাষার জন্যে রক্ত দিতে পারে, সে দেশকে কেউ কখনও দাবিয়ে রাখতে পারে না।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান খান চুন্নুর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা, বস্ত্র ও পাটমন্ত্রী শাহজাহান সিরাজ, শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, শিক্ষা প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী দেলদুয়ার ব্রিজ এবং যাদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
