২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের প্রস্তাব এখনও সবার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার বলেছেন, সংলাপের প্রস্তাব এখনও সবার জন্য উন্মুক্ত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

জাতীয় পার্টির (জাপা) প্রধান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি বলেন, আমি সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তারা আসেননি। তারপরও আমি তাদের সাথে বসতে প্রস্তুত রয়েছি।

প্রধান বিরোধী দল সংলাপে অংশ না নিলে সংলাপ প্রক্রিয়া অর্থহীন হয়ে পড়বে--জেপি প্রতিনিধি দলের এমন একটি মন্তব্যের পর প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ মন্তব্য করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কারের ব্যাপারে প্রধান বিরোধী দল ও বিরোধী অন্যান্য দল যে দাবি জানিয়েছে, তা নিয়ে তাদের সাথে আলোচনা করার জন্যে জেপি নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এক জাপা নেতা বলেন, আমন্ত্রনপত্র গ্রহণ না করলে আমরা কিভাবে আলোচনার আয়োজন করতে পারি ?

প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্যের পরও জাপা নেতৃবৃন্দ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে বিরোধী জোটের সাথে আলোচনার আয়োজন করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, অন্যথায়, তাদের ভাষায়, নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।

সোমবাৃর জাপা নেতৃবৃন্দের সাথে জঙ্গিবাদের উপর আলোচনা শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষকদের শাস্তি প্রদানের ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, অপরাধী  যেই হোক না কেন, সে বিনা বিচারে পার পাবে না।

জাপা চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, বোমা হামলার ঘটনা বাংলাদেশের জন্যে নতুন ঘটনা হলেও বিশ্বের জন্যে নতুন কোন ঘটনা নয়। এটি পরীক্ষার জন্যে আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে।

মঞ্জু প্রধানমন্ত্রীকে বলেন, আপনার কাছে সকল সহায়ক কৌশল রয়েছে। যার মাধ্যমে ঘৃণ্য বোমা হামলার পিছনে কারা জড়িত রয়েছে, তাদের সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনিই তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারেন।

আলোচনায় জাপা সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সাদেক সিদ্দিকী, আব্দুর রহিম এবং কামরুন্নাহার জাফর উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে সাদেক সিদ্দিকী বলেন, বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এ দেশেরই সংগঠন। অপরদিকে বাংলাদেশের ক্ষতি করতে একটি আন্তর্জাতিক চক্র জড়িত।

জোট সরকারের অন্যতম শরীক জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশের ক্ষতি করতে যে আন্তর্জাতিক চক্র সক্রিয়, দেশের একটি দল সে আন্তর্জাতিক চক্রেরই অংশ।

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর জাতীয় সংলাপ শুরু করেন। ১৯ ডিসেম্বর বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে তিনি শেষ বৈঠক করেন।

জাপাসহ (মঞ্জু) এ পর্যন্ত তিনি আটটি সংগঠনের সাথে আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর ২৭টি রাজনৈতিক দল ও ১৫টি পেশাজীবী সংগঠনকে সংলাপের জন্যে আমন্ত্রণ জানালেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এ আমন্ত্রণ প্রত্যাখান করে।

বড় দলগুলোর মধ্যে প্রধানমন্ত্রী এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সাথে আলোচনা করেছেন।