রাজশাহীতে বিএনপি ও ১৪ দল নেতৃবৃন্দের পাল্টাপাল্টি বিবৃতি
১৪ দলের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশের পর ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী ১৪ দল নেতৃবৃন্দ মুখোমুখি অবস্থান নিয়েছে। উভয় পক্ষের নেতারা পরস্পরের বিরুদ্ধে বিবৃতি, পাল্টা বিবৃতি দিচ্ছেন।
মহাসমাবেশের পর বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনুর তাৎক্ষনিক বিবৃতিকে ১৪ দলের নেতৃবৃন্দ প্রলাপ বলে অখ্যায়িত করে পাল্টা বিবৃতি দিয়েছেন। রাজশাহীবাসী মহাসমাবেশ প্রত্যাখান করেছে মর্মে মেয়রের বিবৃতি দেওয়ার পর ১৪ দল নেতৃবৃন্দ এ বিবৃতি দিলেন।
রাজশাহীতে গত ২২ ডিসেম্বর ১৪ দলের মহাসমাবেশের পর মেয়র মিনু তার প্রতিক্রিয়ায় বিডিনিউজসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের বলেন, ১৪ দলের সমাবেশে শেখ হাসিনা আবোল তাবোল বক্তব্য রেখেছেন। যে কারণে লোকজন তার বক্তব্য না শুনেই সমাবেশস্থল থেকে চলে এসেছেন। এতেই প্রমাণ হয় রাজশাহীবাসী মহাসমাবেশ প্রত্যাখান করেছে।
এরপর ওইদিনই মেয়র মিনু অপর এক বিবৃতিতে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে যে উক্তি করেছেন তা দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিপূর্ন।
এদিকে মেয়র মিনুর এই বক্তব্যের প্রতিবাদ করেছেন ওয়াকার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা। শনিবার বিডিনিউজের কাছে এ প্রসঙ্গে তিনি বলেন, মহা সমাবেশ নিয়ে রাজশাহীর মেয়রের বক্তব্য প্রকৃতপক্ষে তার স্বভাবসুলভ মিথ্যাচার। তিনি আরো বলেন, ১৪ দলের মহাসমাবেশ প্রমাণ করেছে বর্তমান জোট সরকারের বিরুদ্ধে রাজশাহীর মানুষের প্রতিবাদের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
একই বিষয়ে রাজশাহীর মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সমন্বয়ক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মেয়র মিনুকে উদ্দেশ্য করে সাংবাদিকদের বলেন, যে ব্যক্তি জনগণের ভোটে পরাজিত হয়েও ক্ষমতার প্রভাবে টিকে আছে তার প্রতি জনগণের ক্ষোভ কতটা তা আগামীতেই প্রমাণ হয়ে যাবে।
এদিকে ১৪ দলের সমাবেশকে ঘিরে পাল্টাপাল্টি এমন বক্তব্যকে বিএনপির মাঠপর্যায়ের নেতা--কর্মীরা দলের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে রাজশাহীতে নেতৃত্বের দ্বন্দ্বে বিএনপি এমনিতেই সংকটে রয়েছে। তাই অন্যদলের সমাবেশ নিয়ে বিবৃতির প্রতিযোগিতায় নেমে লাভ নেই।
