২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলিয়ারচর পৌর নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন জোট সন্ত্রাসীরা আ. লীগ নেতাকর্মীদের নির্যাতন করছে: জিল্লুর রহমান

কুলিয়ারচরে ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপি--জামাত জোট সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা, অত্যাচার চালাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান এমপি শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

এতে তিনি ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণজোয়ার টের পেয়ে জোট সরকারের সন্ত্রাসীরা সন্ত্রাস, হামলা এবং দমন--পীড়নের ঘৃণ্য পথ বেছে নিয়েছে।

তিনি উল্লেখ করেন, জোট সন্ত্রসীদের হামলায় ইতোমধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

তিনি অভিযোগে করেন, সরকারের উপর মহলের নির্দেশে পুলিশ তাদের কোনও মামলাই গ্রহণ করছে না এবং চিহ্নিত সন্ত্রসীদের বিরুদ্ধেও প্রশাসন কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।

তিনি প্রশাসনের ভূমিকার নিন্দা জানিয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে তাদের প্রতি দাবি জানান।