খতমে নব্যুওয়াতের আহমদিয়া কমপ্লেক্স ঘেরাও কমসূচি পুলিশের বাধায় ভণ্ডুল, আহত ৫০
খতমে নব্যুওয়াত আন্দোলনের দু’টি গ্র“প শুক্রবার বকশী বাজারের আহমদিয়া কমপ্লেক্স ঘেরাও করার যে উদ্যোগ নিয়েছিল পুলিশ তা ভণ্ডুল করে দিয়েছে। এসময় পুলিশের সাথে সংগঠনের কর্মীদের সংঘর্ষে ৫০ জন আহত হয়। এদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য।
জুম্মার নামাজের পর নগরীর মুক্তাঙ্গণে এক সমাবেশ শেষে আহমদিয়া কমপ্লেক্স ঘেরাও করার জন্যে মাওলানা মাহমুদুল হাসান মমতাজীর নেতৃত্বে আন্তর্জাতিক খতমে নব্যুওয়াত আন্দোলনের কর্মীরা বকশী বাজারের দিকে যাওয়ার চেষ্টা করে।
বিকেলে সাড়ে ৪টার দিকে পুলিশ জিরো পয়েন্টের কাছে তাদেরকে বাধা দেয়। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
খতমে নব্যুওয়াত কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর পাঁচ/ছয় রাউন্ড টিয়ার গ্যাস সেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ নব্যুওয়াত কর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর বায়তুল মোকাররম প্রাঙ্গণে পুনরায় তারা সংগঠিত হয়ে পুলিশের উপর লাঠি ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়। এছাড়াও তারা এসময় পাঁচ/ছয়টি গাড়ি ভাংচুর করে।
খতমে নব্যুওয়াত আন্দোলন সূত্র জানায়, সংগঠনের প্রধান মমতাজীসহ তাদের অনেক কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুফতি নূর হোসেন নূরানীর নেতৃত্বে আন্তর্জাতিক খতমে নব্যুওয়াতের অপর গ্র“পটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের আয়োজন করে।
আহমদিয়া কমপ্লেক্সের সামনে টাঙ্গানোর জন্যে নূরানী পুলিশের হাতে একটি সাইনবোর্ড তুলে দেয়। তাতে লেখা ছিলো, ‘এটি আহমদিয়াদের উপাসনালয়: একে মসজিদ ভেবে মুসলামানরা ভুল করবেন না’।
জুমার নামাজের পূর্বেই পল্টনের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ অবস্থান নেয়।
মমতাজী ও নূরানী প্রত্যেকেই তাদের সমর্থকদের নিয়ে নিজ নিজ সমাবেশস্থলে রাস্তার ওপর জুমার নামাজ আদায় করেন।
মমতাজীর মিছিল ঠেকাতে পুলিশ মুক্তাঙ্গণ, পল্টন মোড় ও জিরো পয়েন্টের উভয় প্রান্তে ব্যারিকেড দিয়ে রাখে। অপরদিকে নূরানীর মিছিল ঠেকাতে এসএসসি ও বায়তুল মোকাররম মার্কেটের কাছে ব্যারিকেড দেয় পুলিশ।
সমাবেশে মমতাজী আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করার জন্যে সরকারকে আহ্বান জানান।
এদিকে বায়তুল মোকাররমের উত্তর গেটের সমাবেশে মুফতি নূরানী বলেন, আগামী ইদুল আযহার মধ্যে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা না করা হলে সরকারকে কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হবে।
খতমে নব্যুওয়াত ২০০৬ সালের ১০ ফেব্র“য়ারি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধনিখোলার আহমদিয়া কমপ্লেক্স ঘেরাও করার নতুন কর্মসূচি ঘোষণা করেন। একই সাথে তারা ১৭ এপ্রিলকে আহমদিয়াদের কাছ থেকে সাতক্ষীরার শ্যামনগর মসজিদ পুররুদ্ধার দিবস ঘোষণা করেন।
ঘেরাও কর্মসূচি ঠেকাতে বিভিন্ন স্থানে কমপক্ষে ১৫ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছিলো জানান এক পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার রাতেই বকশী বাজারের আহমদিয়া কমপ্লেক্সে চারপাশে উল্লেখযোগ্য সংখ্যক পুুলিশ মোতায়েন করা হয়। ডিএমপি কমিশনার মিজানুর রহমান ঘটাস্থল পরিদর্শন করেছেন।
