২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী হুমকি ধামকি দিয়ে ক্ষমতায় টিকতে চান : জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার পাশে স্বাধীনতা বিরোধীদের রেখে বোমাবাজদের প্রশ্রয় দিয়ে মানুষ হত্যা করছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। অথচ বিরোধী দলীয় নেতার প্রতি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

শুক্রবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় থাকার সকল যোগ্যতা হারিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া হুমকি ধামকি দিয়ে টিকে থাকতে চান। কিন্তু বাংলার মানুষ তার ষড়যন্ত্র বরদাশত করবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জোট সরকারের পতন ঘটানো হবে।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী কর্তৃক রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানোর হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর, সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বাচ্চু মিয়া, এসএ মান্নান কচি, নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান মতি ও গোলাম সারওয়ার মামুন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।