২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহিতা ও সরকারের বিরোধিতার পার্থক্য না বুঝলে এ সরকারের পদত্যাগ করা উচিত : বি চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য বোঝেন না। রাষ্ট্রদ্রোহিতা আর সরকারের বিরোধিতা এক নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এ দুয়ের পার্থক্য না বুঝলে তাদের রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করা উচিত। শুক্রবার বিকেলে বিকল্প ধারার বারিধারার কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপের প্রথম দিনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতাদের সাথে আলোচনাকালে তিনি একথা বলেন।

সরকার বিরোধী আন্দোলন জোরদার এবং জনগণের জন্যে ইতিবাচক সরকার প্রতিষ্ঠার কৌশল নিয়ে শুক্রবার থেকে বিকল্প ধারা সমমনা দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে। দলের সভাপতি অধ্যাপক বি চৌধুরী পর্যায়ক্রমে সমমনা দলগুলোর সাথে সংলাপ করবেন।

সংলাপে অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান, সহ-সভাপতি মেজর (অব:) আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী।

পরে দুই দলের প্রধান নেতা অধ্যাপক বি চৌধুরী ও রাশেদ খান মেনন সাংবাদিকদের ব্রিফিং দেন।

অধ্যাপক বি চৌধুরী বলেন, জঙ্গি তৎপরতা ও বিচারকদের ওপর হামলা করে একটি চক্র রাষ্ট্রের ভিত্তি ও বিচার ব্যবস্থার ওপর আঘাত হেনেছে। ৫০ কোটি ব্যয়ে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী  এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ব্যবস্থা নেয়া সম্পর্কে কিছু বলেননি। তিনি আন্দোলনরত বিরোধী নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।

তিনি সংস্কার প্রস্তাব মেনে নিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগেও তারা তত্ত্বাবধায়ক সরকার বোঝেনি, পরে আন্দোলনের মুখে বুঝেছে। এবারো তাদের আন্দোলনের মাধ্যমেই সংস্কারের দাবি মানানো হবে।

রাশেদ খান মেনন বলেন, দেশের বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে আন্দোলন করছে। প্রধানমন্ত্রী এসব সংস্কার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। সংস্কারের দাবি না মেনে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। এ ইস্যুতে ন্যুনতম অভিন্ন কর্মসূচিকে সামনে রেখে বিরোধী দল আন্দোলন করছে।