খালেদা রাষ্ট্রদ্রোহী, জনগণই তার বিচার করবে: হাসিনা
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং চরম দুর্নীতির জন্যে জনগণই তার বিচার করবে।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বৃহস্পতিবার ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দানকালে তিনি একথা বলেন।
ঢাকায় ২১ ডিসেম্বরের মহাসমাবেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভাষণে আপনি উগ্রপন্থিদের বিরুদ্ধে একটি কথাও উচ্চারণ করেননি, বরং আমার এবং বিরোধী দলের অপর নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করার হুমকি দিয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আপনি আমাকে হুমকি দিয়েছেন, কিন্তু জেনে রাখুন আমি আপনার রক্তচক্ষুকে ভয় করি না।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুুজিবসহ পরিবারের অপর সদস্যদের হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি জানি যে কোনও মুহূর্তে আপনি আমাকেও হত্যা করতে পারেন। কিন্তু দেশ ও জাতির কল্যাণে আমি আমার জীবন উৎসর্গ করেছি। তাই মৃত্যুকে আমি ভয় পাই না।
পল্টনের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনি এবং আপনার পুত্র ২০০৪ সালের ২১ আগস্ট সুপরিকল্পিতভাবে আমার ওপর গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছেন। মহান আল্লাহর রহমতে আমি এখনও বেঁচে আছি।
শেখ হাসিনা বলেন, চার বছরে যারা ২৬,০০০ লোককে হত্যা করতে পারে, তারা আমাকেও হত্যা করতে পারে। সেদিন বেশি দূরে নয় যেদিন জনগণই নিরীহ লোকজনকে নির্যাতন ও হত্যার দায়ে চার দলীয় জোটের বিচার করবে।
বিরোধী দলীয় নেতা বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার জন্যে খালেদা জিয়া এরশাদকে দোষারোপ করলেও তার (এরশাদ) কাছ থেকে তিনি সকল সুবিধা নিয়েছেন। তাই জিয়া হত্যার সাথে খালেদা জিয়া নিজেও কোনও না কোনোভাবে জড়িত বলে তিনি দাবি করেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আমি যদি বলি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অপর সদস্যদের হত্যায় আপনি জড়িত ছিলেন, তাহলে আপনি কি জবাব দেবেন?
স্বাধীনতাযুদ্ধবিরোধী জামাত, যারা যুদ্ধের সময় আল বদর, রাজাকার হিসেবে কাজ করেছে, তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে তিনি দাবি করেন।
শেখ হাসিনা বলেন, আপনিই জঙ্গিদের সৃষ্টি করে তাদের শক্তিশালী করেছেন এবং তাদের মাধ্যমে আত্মঘাতী হামলা চালিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে গেছেন।
ক্ষমতাসীনদের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ আগামীতে তাদের ভোট দেবে না বুঝতে পেরেই তারা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কার করতে চাচ্ছেন না। তবে সরকার এ দাবি মেনে নিতে বাধ্য হবে বলে তিনি উল্লেখ করেন।
জ্বালানি খাতের ব্যাপারে শেখ হাসিনা বলেন, আমরা রাজশাহী পর্যন্ত গ্যাস পাইপলাইন নেয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু বিএনপি--জামাত সরকার তা রংপুর পর্যন্ত নিয়ে শেষ করে দিয়েছে। সুযোগ আসলে আমরা রাজশাহীতে গ্যাস আনবো।
তিনি বলেন, বর্তমান সরকার এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেনি, বরং আমাদের সময়ে নেয়া বেশ কিছু প্রকল্প তারা বন্ধ করে দিয়েছে। তারা কেবল টাকার পেছনে দৌড়াচ্ছে এবং নিজেদের পকেট ভরছে।
খালেদা জিয়ার সরকার, এর নেতৃবৃন্দ এবং তার পুত্ররা জনগণের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করছে অভিযোগ করে তিনি আরও বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের মানুষ কড়ায়গণ্ডায় এর হিসাব নেবে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের জনগণ ও মাটি আমাদের সাথে রয়েছে।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনার ওপর জনগণের কোনও আস্থা নেই।
সরকারের পদত্যাগ ও বোমা হামলাকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বর্ণাঢ্য ফেস্টুন ও ব্যানার নিয়ে হাজার হাজার লোক ১৪ দলের এ মহাসমাবেশে যোগ দেয়। এটি বিরোধী জোটের দ্বিতীয় বিভাগীয় যৌথ মহাসমাবেশ। এর আগে খুলনায় ৯ ডিসেম্বর প্রথম বিভাগীয় মহাসমাবেশ অনুুষ্ঠিত হয় ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ড. কামাল হোসেন, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, আবদুল জলিল এমপি, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, পঙ্কজ ভট্টাচার্য, বিমল বিশ্বাস, দিলীপ বড়–য়া, আবদুস সামাদ, শিরিন আখতার, ফজলে হোসেন বাদশা প্রমুখ।
