বোমাহতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন আইনজীবীরা
গাজীপুর, ঝালকাঠি, চট্রগ্রাম এবং নেত্রকোণায় বোমা হামলায় নিহতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে বিরোধী দলীয় আইনজীবিরা।
সম্মিলিত আইনজীবি সমন্বয় পষিদের ব্যানারে দেশের সকল বার প্রাঙ্গনে বৃহস্পতিবার মানববন্ধন পরবর্তী পৃথক পৃথক সমাবেশে বোমাবাজ ও তাদের মদদ দাতাদের ধিক্কার জানিয়ে এ দাবি উত্থাপন করা হয়।
সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ কেন্দ্রীয়ভাবে ঢাকা জর্জ কোট প্রাঙ্গনে মানববন্ধন পরবর্তী সমাবেশ কর্মসূচি পালন করে। সমাবেশে সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেন এই বোমাবাজ ও জঙ্গিরা সরকারেরই সৃষ্টি।
সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক অ্যাড. সাহারা খাতুন বলেন, জঙ্গিদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে ব্যার্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে রাষ্ট্র দ্রোহিতার মামলা দায়েরের হুমকি প্রদান করেছেন। সরকার সংলাপ অনুষ্ঠানের নামে কালক্ষেপণ করছে বলেও তিনি অভিযোগ করেন।
সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী বলেন, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের পর বিএনপি-জামাত জোট সরকার বর্তমানে বিচারপতি, আইনজীবী, শিক্ষক, পুলিশ, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্র্মীদের হত্যার খেলা শুরু করেছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এনায়েতুর রহিম বলেন, সরকার একাত্তরের পরাজিত শক্তিকে সাথে নিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, পরাজিত শক্তি দেশের চৌদ্দ কোটি জনগণের বিজয় রুখতে পারবে না। সত্য একদিন প্রমানিত হবেই।
ঢাকা বার এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. সুধীর কুমার হাজরা, অ্যাড. মমতাজ উদ্দিন মেহেদী, অ্যাড. শহীদ মামুন মাহবুব, অ্যাড. শহীদুল ইসলাম, অ্যাড. মোহাম্মদ সেলিম প্রমুখ।
অ্যাড. সুব্রত চৌধুরী জানান চট্রগ্রাম, বরিশাল, বগুড়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বোমাবাজি ও জঙ্গিবাদ প্রতিরোধে এ কর্মসূিচ পালিত হয়েছে। তিনি আারো জানান সম্মিলিত আইনজীবী পরিষদের একটি টিম বোমাবাজি, উগ্র জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনের উদ্দেশ্যে দেশের সবগুলো বার সফরে বের হচ্ছেন। আগামী ২৯ ডিসেম্বর টাঙ্গাইলে প্রথম সফর অনুষ্ঠিত হবে।
