২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা বিরোধী জোটকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম এগিয়ে নিতে হবে: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বুধবার বলেছেন, স্বাধীনতা বিরোধী জোটকে ক্ষমতা থেকে বিতাড়িত করে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম এগিয়ে নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

তিনি বলেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে বিএনপি জামাত জোট সরকার পরিকল্পিতভাবে বিজয়ের গর্ব ধ্বংস করছে। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করে বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিনত করতে চায় তারা।

ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আবুল বাসার।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ছাড়াও আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি।

হাসানুল হক ইনু বলেন, জোট সরকার জঙ্গি বোমাবাজ সাম্প্রদায়িক অপশক্তিকে মদদ দিয়ে দেশে ষড়যন্ত্রের রাজনীতি করছে। তারা পাঁয়তারা করছে একটি নীল নকশার নির্বাচনের । তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে ১৪ দলের দাবি বাস্তবায়নের মাধ্যমে এ অশুভ পাঁয়তারা বানচাল করতে হবে।