২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা--কর্মীদের অবরোধের মুখে এরশাদ

কুড়িগ্রামের উলিপুরে বুধবার স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা দু’ ঘন্টা অবরোধ করে রাখে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদকে। এরশাদের উপস্থিতিতে অনুষ্ঠিত পথ সভায় বিএনপির একজন নেতাকে কটুক্তি করার জের ধরে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের পক্ষ থেকে কটুক্তিকারী জাপা নেতাকে গ্রেপ্তারের শর্তে বিএনপি কর্মীরা অবরোধ তুলে নেয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উলিপুর শহীদ মিনার চত্বরে দুপুর দেড়টার দিকে এরশাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক পথ সভায় জেলা জাপা সভাপতি চৌধুরী সফিকুল ইসলাম বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মাইদুল ইসলাম মুকুলের বিরুদ্ধে কটুক্তি করলে স্থানীয় বিএনপি নেতা--কর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং চার ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এ অবরোধের কারণে জাপা চেয়ারম্যান এরশাদ চিলমারীতে দুই ঘন্টা আটকা পড়েন। উলিপুরে এ সময় বিএনপি নেতা--কর্মীরা রাস্তায় কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করতে থাকে।

এ ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম থেকে একজন প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ও এসপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নেয়ার জন্যে অনুরোধ  করেন। কিন্তু বিএনপি নেতা--কর্মীরা কটুক্তিকারী জাপা নেতাকে গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায়। সন্ধ্যা ছয়টায় প্রশাসন ওই নেতাকে গ্রেপ্তারের দাবি মেনে নিলে বিএনপি কর্মীরা অবরোধ প্রত্যাহার করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিলমারীতে আটকে পড়া এরশাদ উলিপুর অতিক্রম করে রংপুর রওয়ানা দেন।

এদিকে চিলমারীতে আয়োজিত সমাবেশে এরশাদ বলেন, আগামী নির্বাচনই সম্ভবত আমার জীবনের শেষ নির্বাচন। দেশে জঙ্গি তৎপরতা সম্পর্কে বলেন, এখন আযানের শব্দে আর ঘুম ভাঙ্গে না। ঘুম ভাঙ্গে বোমার শব্দে। বোমা--সন্ত্রাস এখন জাতীয় সমস্যা। এ কারণেই সংলাপে যোগ দিয়েছি, কারো সাথে জোট করার জন্যে নয়।

চিলমারীর জনসভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব রহুল আমিন হাওলাদার, তাজুল ইসলাম চৌধুরী এমপি, গোলাম হাবিব দুলাল এমপি, সোলায়মান ফকির এমপি, মাওলানা মতিউর রহমান এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি প্রমুখ।